নারায়ণগঞ্জে ‘অভাবের তাড়নায়’ গৃহবধূর আত্মহত্যা

নারায়নগঞ্জে অভাব সইতে না পেরে আমেনা বেগম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

পবিত্র ঈদুল ফিতরের দিন শুক্রবার বিকেলে ফতুল্লা থানা পুলিশ দেওভোগ আমবাগান মুন্সিবাড়ী থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহত গৃহবধূ আমেনা বেগম শরিয়তপুর জেলার সখিপুর থানার চর বয়রার মৃত আবুল হোসেন মৃধার মেয়ে ও দেওভোগ আমবাগান মুন্সিবাড়ীর ভাড়াটিয়া মো. সুমন মিয়ার স্ত্রী।

নিহতের স্বামীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. মহসিন জানান, নিহত গৃহবধূ আমেনা বেগম টানবাজারস্থ শুভর কোনিং কারখানায় কাজ করতেন। অপরদিকে স্বামী সুমন মালামাল নামানো উঠানোর কাজ করতেন। কিন্তু সম্প্রতি তাদের কাজ বন্ধ হয়ে যায়। ফলে তারা প্রচণ্ড আর্থিক সমস্যায় ভুগছিলেন। এ অবস্থায় ঈদের নতুন জামা কাপড় কেনা তো দূরের কথা ঈদের বাজারটুকু পর্যন্ত এমনকি চিনি সেমাইও কিনতে পারেননি।

নিহত গৃহবধূ আমেনা বেগমের স্বামীর ধারণা আর্থিক অভাবের কারণেই তার স্ত্রী আত্মহত্যা করেছেন।

ঈদের আগের দিন রাতে স্বামী সুমন ও নিহত গৃহবধূ আমেনা বেগম তাদের ভাড়া বাসায় এক সাথে ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল ১০টার দিকে স্বামী সুমনের ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান তার স্ত্রী ফাঁস লাগানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলে আছে।

পুলিশ খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মৃতদেহ উদ্ধার  করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।