নারায়ণগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৯ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের সাইনবোর্ড গোলচত্বর-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ২৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এর আগে, ১৭ জুলাই একই এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে প্রায় ১৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৩০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছিল।
পরে জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।