প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মা ও ছেলের মৃত্যু

গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারে থাকা আরো দুজন আহত হন।

শনিবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের তারআলী মোল্যার স্ত্রী মরিয়ম বেগম (৪২) ও তার ছেলে প্রাইভেটকার চালক মহিদুল মোল্যা (২৫)। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, একই পরিবারের আট সদস্য একটি প্রাইভেটকারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঘোরাঘুরি শেষে নিজেদের বাড়ি কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ফিরছিলেন।

এ সময় প্রাইভেটকারটি সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে চালক মহিদুল মোল্যা মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপোতালে নিয়ে গেলে সেখানে মা মরিয়ম বেগম মারা যান। মারাত্মক আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।