পিসিবির বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ শোয়েব মালিকের

নিজের ক্যারিয়ার ঝুঁকিতে পড়তে পারে। এরপরও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন শোয়েব মালিক। তারকা অলরাউন্ডার স্পষ্ট জানালেন যে, পিসিবির স্বজনপোষণের জন্যই অধিনায়কের পছন্দের ক্রিকেটাররা দলে জায়গা পান না।

অভিজ্ঞ অলরাউন্ডার এও দাবি করেন যে, দিনের শেষে অধিনায়ক বাবর আজমকেই মাঠে নামতে হবে সতীর্থদের নিয়ে। তাই দল নির্বাচনে তার মতামত গুরুত্ব পাওয়া দরকার। অথচ এ ক্ষেত্রে অধিনায়কের কোনো কথাই চলে না।

শোয়েব বলেন, ‘সাম্প্রতিক স্কোয়াডে বাবর আজম বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখতে চেয়েছিল। দল নির্বাচনে সবারই মতামত থাকা দরকার। তবে অধিনায়কের মতামত সব থেকে গুরুত্ব পাওয়া উচিত। কেননা, অধিনায়ককেই দল নিয়ে মাঠে নেমে লড়াই চালাতে হবে।’

পিসিবির বিরুদ্ধে নেপোটিজমের অভিযোগ তুলে তারকা অলরাউন্ডার বলেন, ‘আমাদের দেশের ক্রিকেটে পছন্দ-অপছন্দের সিস্টেম চালু রয়েছে। বর্তমানে সব দেশেই এটা আছে। তবে আমাদের ক্রিকেট সংস্কৃতিতে এটা সব থেকে বেশি চোখে পড়ে। ছবিটা সেদিনই বদলাবে, যেদিন কার পরিচিত, সেটা বিবেচনা না করে দল নির্বাচনের ক্ষেত্রে দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে।’

শোয়েব জানেন যে, বোর্ডের বিরুদ্ধে এমন তোপ দাগার পর তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। তবে তিনি তা নিয়ে বিন্দুমাত্র পরোয়া করেন না। অভিজ্ঞ তারকা পরিস্কার জানালেন, সতীর্থ ক্রিকেটারদের জন্য তার এমন পদক্ষেপ নেওয়া দরকার।

শোয়েব মালিকের কথায়, ‘আমার ভাগ্যে যা আছে, সেটা ঈশ্বর জানেন। সেটা কারো নিয়ন্ত্রণে নেই। যদি আমাকে খেলার জন্য আর নাও ডাকা হয়, তাতে আমার আক্ষেপ থাকবে না। তবে এখন যদি সতীর্থদের কথা ভেবে আওয়াজ না তুলি, তবে নিশ্চিতভাবে আক্ষেপ থেকে যাবে।’