মহামারী করোনাভাইরাসে কাবু বিশ্ব। বিশেষ করে কয়েকটি দেশে ভাইরাসটির নতুন নতুন ধরন ছড়াচ্ছে হু হু করে। গত বছরের শেষ দিক থেকে করোনাভাইরাসের আফ্রিকা ধরন এবং এরপর ব্রিটেন ধরন ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। এরপর শনাক্ত হয় ভাইরাসটির ভারতীয় ধরন। তারপর থেকেই ভারতে ভাইরাসটি ভয়াবহ রূপ নেওয়া শুরু করে। তবে এপ্রিলে এসে ধারণার চেয়েও ভয়ংকর হয়ে ওঠে ভারতের করোনা পরিস্থিতি। দেশটিতে দিনে ৪ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয় টানা কয়েক দিন। গত এক সপ্তাহ আগে থেকে শনাক্ত কিছুটা কমতে শুরু করে ভারতে। তবে ভারতের প্রতিবেশী কয়েকটি দেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ফের বাড়তে শুরু করে মহামারীর বিস্তার। বিশেষ করে নেপাল ও জাপানের পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছে। তবে আশার কথা বিশ্বজুড়ে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব চলাকালে কিছুটা কমেছে শনাক্ত।
বাংলাদেশে ঈদ উপলক্ষে থাকা চার দিনের ছুটির মধ্যে বিশ্বজুড়ে যত নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে তার চেয়ে বেশি আরোগ্য লাভ করেছে। এ ছাড়া গেল এক সপ্তাহে বিশ্বে শনাক্ত কমেছে অন্তত ১২ শতাংশ। আলোচ্য সপ্তাহে মৃত্যুও কমেছে অন্তত ৪ শতাংশ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে গত ১১ মে শেষে বিশ্বে যেখানে শনাক্ত হওয়া মোট করোনা রোগীর সংখ্যা ছিল ১৬ কোটি ৩ লাখ ৩৩ হাজার ১৫৫ জন সেখানে ১৫ মে শেষে সেই সংখ্যা বেড়েছে দাঁড়ায় ১৬ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৯১৮ জনে। অর্থাৎ আলোচ্য ৪ দিনে বিশ্বে শনাক্ত হয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ৭৬৩ জন। এদিকে ১১ তারিখ শেষে যেখানে বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ছিল ১৩ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৮৬৬ জন সেখানে ১৫ তারিখ শেষে এই সংখ্যা বেড়ে হয় ১৪ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ৬৭০ জন। অর্থাৎ আলোচ্য ৪ দিনে বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৩৩ লাখ ৩৯ হাজার ৮০৪ জন। এ ছাড়া আলোচ্য ৪ দিনে বিশ্বে মৃত্যু হয়েছে ৫২ হাজার ৪০৯ জনের।
এদিকে ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে বাংলাদেশ সময় গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তদের মধ্যে শনাক্ত হয়েছে ১৬ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৭৭২ জন। এদের মধ্যে আরোগ্য লাভ করেছে ১৪ কোটি ২৭ লাখ ৭ হাজার ৬৮৬ জন। আর মারা গেছে ৩৩ লাখ ৮৫ হাজার ৪৭৬ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৮৯৬ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৯২৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭০ হাজার ৩১৯ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৫৫ লাখ ৯০ হাজার ৩০ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৮৫২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। এ ছাড়া রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯।