পবিত্র ঈদুল ফিতরের দিনসহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে টুইটারে ‘ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে?’ বলে প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত শনিবার এক টুইটে এ কথা বলেন তিনি।
টুইটে তথ্যমন্ত্রী বলেন, ‘রমজান মাসে এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে এবং এরপরও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সব বর্বরতাকে ছাড়িয়ে গেছে। এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ^নেতাদের নীরবতা মর্ম পীড়াদায়ক। ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে?’
এর আগে ঈদুল ফিতরের দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনে শান্তির জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনার কথা উল্লেখ করেন।
১০ মে সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ জন শিশুসহ ১৫৩ জন ফিলিস্তিনি নিহত ও অসংখ্য ঘরবাড়ি ধ্বংসের সংবাদ দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি আগ্রাসনমুক্ত স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠাকে সমর্থন করে আসছে।