পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতি মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে গ্রামবাসী। এ সময় সদর থানার পরিদর্শক (অপারেশন) আবু হানিফসহ ৫ পুলিশ সদস্য আহত হন। গত শনিবার রাতে মেঘনা নদীতীরবর্তী কালীরচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল রবিবার সকালে মামলা হয়েছে। পুলিশ গতকাল সকালে ওই গ্রামে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে। আহত আবু হানিফকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কালীরচর গ্রামে অভিযান চালিয়ে নৌ-ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিষ্টার মিজিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে মিজিকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। মিজির বিরুদ্ধে চাঁদপুরের মতলব, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁ থানায় হত্যা, নৌ-ডাকাতিসহ ২৬টি মামলা রয়েছে।

ওসি আরও জানান, হামলার ঘটনায় সদর থানার এসআই মাজেদ মিয়া বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে।