রাজশাহীর বাগমারা ও বাঘায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে ঝড়ের সময় তাদের মৃত্যু হয়। বাগমারায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের বাবু ইসলাম (২৩), একই গ্রামের রনি ইসলাম (৩৩), বাগমারার হাজরাপুকুর গ্রামের নিজাম উদ্দিন (৫৫)। বাঘায় মারা যাওয়া ব্যক্তির নাম জহুরুল ইসলাম বাবু (৩২)। তার বাড়ি বাউসা ইউনিয়নের চকরপাড়া গ্রামে।
বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ জানান, দুর্গাপুরের বাবু ও রনিসহ চারজন বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার সুলতানপুর এলাকায় বাগানে আম পাড়ছিল। বিকেল ৪টার দিকে বজ্রপাতে চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহেরপুরে একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বাবু ও রনিকে মৃত ঘোষণা করেন। একই সময় উপজেলার হাজরাপুকুর গ্রামের ঝড়ের সময় মাঠ থেকে ধান নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে নিজাম উদ্দিন ও হাবিবুর রহমান নামের দুজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন।
বাঘা উপজেলার বাউসা ইউপির চেয়ারম্যান শফিকুর রহমান জানান, শনিবার বিকেল পৌনে ৩টার দিকে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।