ট্রাকে পিকআপের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমান উল্লাহ (৩৬), তার বোন নাজমা আক্তার (৩২) ও নাজমা আক্তারের মেয়ে লালমনি (৭) নিহত হয়। তারা শেরপুর সদরের বাঘেরচর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় গুরুতর আহত হন পিকআপচালক আক্রাম হোসেন (৫০)।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, গতকাল রাতে একই পরিবারের ওই তিনজনকে নিয়ে বেগুনবোঝাই একটি পিকআপভ্যান ঢাকায় যাচ্ছিল। পথে ত্রিশালের রায়মনি এলাকায় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ঢাকাগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন পিকআপচালক আক্রাম হোসেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।