ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এক শিশুকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের পশ্চিম মেরাসানী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- বাবুল মিয়া (৪৫), মান্নান (২৩) ও শাহীন ওরফে মান্না (২১)। তাদের সবার বাড়ি পশ্চিম মেরাসানী গ্রামে।
এর আগে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে গত শনিবার সন্ধ্যায় পশ্চিম মেরাসানী গ্রামের মজনু ভূইয়ার ছেলে মো. ইয়াকুবকে (১২) বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের মান্নাসহ কয়েকজন। পরে ইয়াকুবকে আটকে রেখে রশি দিয়ে বেঁধে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
শিশু ইয়াকুবকে নির্যাতনের একটি ভিডিওচিত্র গত রোববার ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইয়াকুবের বাবা নেই, সে পশ্চিম মেরাসানী গ্রামে তার নানার বাড়িতে থাকে।
এ ঘটনায় গত রবিবার রাতে বিজয়নগর থানায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন ইয়াকুবের নানি আরিজা বেগম।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, শিশু নির্যাতনের বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে দেখছে। ফেসবুকে ভিডিও দেখার পরই পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযানে নামে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।