করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় আরও কিছুদিন গণপরিবহন বন্ধ রাখতে চান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ আছে। আমরা প্রস্তাব করব এটাকে বন্ধ রাখতে।’ করোনার দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে গত ৬ এপ্রিল থেকে চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার। ওই সময় থেকে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। প্রথমে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ জারি করলেও তা ক্রমেই বাড়ানো হচ্ছে। চলমান বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত চলবে।
নতুন করে বিধিনিষেধ আরও বাড়ানো হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা ২৩ মের পরেও কি না, সেই সিদ্ধান্ত আমরা এখনই নিতে পারছি না। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ থাকবে আরও বেশ কিছু দিন সময় বন্ধ থাকার।’
গত ২৫ এপ্রিল থেকে ভারতের সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ করেছে সরকার। তবে দুই দেশের বাণিজ্য যোগাযোগ অব্যাহত আছে। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে বলেন, ‘ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ কিছুটা হলেও নিরাপদে আছে। বর্ডার এখন বন্ধ আছে। আগামীতেও বন্ধ থাকবে, এটা আমাদের সুপারিশ থাকবে। যে পর্যন্ত ভারতের অবস্থা মোটামুটি স্বাভাবিক না হয়।’