গবেষকদের দাবি

ভারতীয় ধরনে কার্যকর ফাইজার মডার্নার টিকা

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার দুটি ধরনের বিরুদ্ধে ফাইজার ও মডার্নার টিকার কার্যকারিতা পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তবে যুক্তরাষ্ট্রের এনওয়াইইউ গ্রসম্যান স্কুল অব মেডিসিন এবং এনওয়াইইউ ল্যানগন সেন্টার পরিচালিত ল্যাবভিত্তিক গবেষণাকে প্রাথমিক বিবেচনা করা হচ্ছে। কারণ, পিয়ার রিভিউ জার্নালে এখনো গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত সোমবার গবেষণা কার্যক্রমের জ্যেষ্ঠ লেখক অধ্যাপক ডক্টর নাথানিয়েল (নেড) আর লানডাও বলেন, ‘গবেষণায় আমরা দেখতে পেয়েছি টিকাগুলোর অ্যান্টিবডি এসব ধরনের বিরুদ্ধে কিছুটা দুর্বল। তবে দুর্বলতা এতটা নয় যে, তা এসব টিকার সুরক্ষা ক্ষমতাকে অকার্যকর করে দেবে।’

ভারতে শনাক্ত করোনার বি.১.৬১৭ ও বি.১.৬১৮ ধরন অতি সংক্রামক। দেশটিতে সংক্রমণ ও মৃত্যু প্রত্যেক দিন রেকর্ড হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ইতিমধ্যে ভারতীয় ধরন বিশ্বের ৮৬টি দেশ ও এলাকায় ছড়িয়ে পড়েছে।

গবেষণায় যেসব মানুষ টিকা দুটির উভয় ডোজ নিয়েছেন, তাদের রক্তের নমুনা সংগ্রহ করে ব্যবহার করা হয়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় সাড়ে ৫ কোটি মানুষকে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হয়েছে।

এসব ধরনের বিরুদ্ধে মডার্না ও ফাইজারের টিকার কার্যকারিতায় আশাবাদী নাথানিয়েল বলেন, ‘গবেষণার ফলাফল আমাদের আত্মবিশ্বাসী করে তুলছে। কারণ, এখন পর্যন্ত শনাক্ত হওয়া সব ধরনের বিরুদ্ধেই ফাইজার ও মর্ডানার টিকা সুরক্ষা দিতে সক্ষম।’

তবে নতুন নতুন সব ধরনের বিরুদ্ধে টিকাগুলো কার্যকর থাকবে তা নিয়ে খুব আশাবাদী নন বিজ্ঞানীরা। ফলে বিশ্বে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন তারা।