শনাক্ত কমলেও মৃত্যুর রেকর্ড ভারতে

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ফের দৈনিক মৃত্যু নতুন উচ্চতায় উঠছে। গত সোমবার ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। তবে নতুন শনাক্ত কয়েক দিনের ধারাবাহিকতায় কমের দিকেই রয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, গতকাল মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের।

পরিসংখ্যান বলছে, ভারতে কভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে চলতি মাসের ১২ মে দেশটিতে ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছিল, এক দিন আগপর্যন্ত সেটিই ছিল দেশটিতে কভিড-১৯-এ এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

এই নিয়ে ভারতে করোনাভাইরাস মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনে। আর শনাক্ত ছাড়িয়েছে আড়াই কোটির ঘর।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস জানাচ্ছে, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৯৫৪ জনের শরীরে। এর মধ্যে মারা গেছে ৩৪ লাখ ৪ হাজার ১৫১ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ১৪ কোটি ২৯ লাখ ৮৫ হাজার ৪৪৫ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৩৩ জনের। আর সুস্থ হয়েছে ২ কোটি ৭২ লাখ ২ হাজার ৩০৯ জন।

এরপরই রয়েছে ভারত। বেশ কিছুদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৯৭০ জনের শরীরে। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭৫১ জনের। আর সুস্থ হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৩ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৬১ হাজার ১০৬ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৮৬২ জনের। আর সুস্থ হয়েছে ১ কোটি ৪১ লাখ ৫২ হাজার ৩ জন।

শীর্ষ ১০ দেশের  তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলোÑ ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও জার্মানি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছর ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছর ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরপর ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।