স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি ফখরুলের

সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দায়ের করা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান তিনি। গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি জানান বিএনপি মহাসচিব। 

ফখরুল বলেন, ‘রোজিনা ইতিমধ্যে দেশে ও বিদেশে বেশ পরিচিতি অর্জন করেছেন বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে। করোনাকালীন সময়ে বিশেষ করে স্বাস্থ্য খাতে সরকার, মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন দুর্নীতি দেশবাসীর সামনে প্রকাশ করার কারণেই দেশের ইতিহাসে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কার্যালয়ে। রোজিনার প্রতি যা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা দেশের বাইরে যেতে বললেও সরকার যেতে দিচ্ছে না, কারণ তিনি গণতন্ত্রের পক্ষের একজন সৈনিক।’

তিনি আরও বলেন, ‘বিএনপি অনেক আগে থেকে বলে আসছে এ দেশে রাজনীতিবিদ, সাংবাদিকসহ সাধারণ মানুষের কোনো অধিকার নেই। মতপ্রকাশের কোনো স্বাধীনতা নেই। ভিন্ন মতের হলেই সমস্যা। কোনটাকে তারা গণতন্ত্র বলছে? ভিন্ন মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র বলা যায় না।’

এখনো সময় আছে নিজেদের স্বার্থে সাংবাদিকদের সোচ্চার হওয়ার কথা বলে মির্জা ফখরুল বলেন, ‘রোজিনা ইসলামের মতো অনেকের সঙ্গে এমনটি ঘটেছে। এ সরকারের বিরুদ্ধে সত্য প্রকাশ করার কারণে এখন পর্যন্ত প্রায় ৫০ জন সংবাদকর্মীকে দেশ ছাড়তে হয়েছে। সাগর-রুনির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার কথা বললেও আজো কোনো হদিস মেলেনি। সরকারের বড় বড় কর্তার বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করার কারণে তাদের হত্যা করা হয়েছে। এ সরকারের সময়ে সাংবাদিকদের সঙ্গে নজিরবিহীন ঘটনা ঘটছে। এমপি, মন্ত্রীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে বিভিন্নভাবে হেনস্তার শিকার হতে হয় সংবাদকর্মীদের। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সংবাদকর্মীদের জব্দ করছে সরকার।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে আর যেন কেউ সত্য প্রকাশ করতে না পারে সে জন্য রোজিনার সঙ্গে এমন ঘটনা ঘটানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুর রহমান তুহিনসহ বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।