টটেনহ্যাম ছাড়বেন কেইন!

বলতে গেলে টটেনহ্যাম হটস্পার্সের ঘরের ছেলে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ২০০৪-০৯ পর্যন্ত টটেনহ্যাম যুবদলে ছিলেন। ২০০৯ থেকে মূল দলে দু’বছর কাটিয়ে ধারে চার ক্লাবে খেলে ফেরেন টটেনহ্যামে। সেই কেইন স্পার্স ছাড়তে চান বলে খবর দিয়েছে স্কাই স্পোর্টস। প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার মানা হয় কেইনকে। কিন্তু ক্লাবের হয়ে দলগত সাফল্য নেই। ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, এবার লিগ কাপের ফাইনালে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কেইনকে। ফলে কেইনের দল ছাড়ার মূল কারণ দলগতভাবে সাফল্য অর্জন করতে না পারা তা বোঝাই যায়। স্পার্সের প্রেসিডিন্ট ড্যানিয়েল লেভির সঙ্গে আলোচনা করেছেন স্পার্স অধিনায়ক। সেখানেই জানিয়েছেন নিজের ইচ্ছের কথা। কেইনের সঙ্গে স্পার্সের চুক্তি ২০২৪ সাল পর্যন্ত। তাই চাইলে কেইনের জন্য আকাশছোঁয়া দাম হাঁকাতে পারেন স্পার্স প্রেসিডেন্ট। কেইন টটেনহ্যাম ছাড়লেও প্রিমিয়ার লিগ ছাড়ছেন না।

 কেইনকে দলে পেতে চায় প্রিমিয়ার লিগের তিন ক্লাব- ম্যানইউ, ম্যানসিটি ও চেলসি। ২২ গোল নিয়ে মোহামেদ সালাহর সঙ্গে লিগের শীর্ষ গোলদাতা কেইন। তার ১৩টি অ্যাসিস্ট লিগে সর্বোচ্চ। সব মিলিয়ে স্পার্সের হয়ে ৩৩৪ লিগ ম্যাচে ২২০ গোল করেছেন ২৭ বছর বয়সী সেন্টার ফরোয়ার্ড।