বৈশ্বিক মহামারীতে সৃষ্ট পরিবেশে মানিয়ে নিতে ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই। ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ব্যবধান দূরীকরণে ডিজিটাল রূপান্তরের ভূমিকা অনেক।
‘ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে’ উপলক্ষে ‘অ্যাকসেলেরেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ডিউরিং চ্যালেঞ্জিং টাইমস’ শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। গত সোমবার ওয়েবিনার আয়োজন করে গ্রামীণফোন এবং দ্য ডেইলি স্টার।
ওয়েবিনারে কভিড-১৯ উদ্ভূত পরিবর্তিত ও নিও-নরমাল অবস্থায় আর্থ-সামাজিক কার্যক্রম চলমান রাখতে ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। প্রযুক্তি খাতের নেতারা বলেন ‘এখনই’ সময় পরিবর্তনকে গ্রহণ করার। টেকসই ডিজিটাল রূপান্তরে কৌশল তৈরিতে সরকারি ও বেসরকারি খাত উভয়েরই এগিয়ে আসা উচিত।
ওয়েবিনারে অংশ নেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, গ্রামীণফোনের ভারপ্রাপ্ত সিইও এবং চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের (আইটিইউ) রিজিওনাল ডিরেক্টর আতসুকো ওকুদা।