ইব্রাহিমকে আইসোলেশনে রেখে জামালদের অনুশীলন

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই উপলক্ষে বুধবার তৃতীয় দিনের মতো মাঠে অনুশীলন করেছে জাতীয় দলের ফুটবলাররা। করোনাভাইরাসে আক্রান্ত মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম রয়েছেন আইসোলেশনে।

মঙ্গলবার ইব্রাহিমের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ঈদের পর রবিবার ফুটবলাররা ক্যাম্পে যোগ দিলে সবার রুটিন করোনা পরীক্ষা করানো হয়। সেটিরই ফল আসে মঙ্গলবার।

ইব্রাহিমের ও তার রুমমেট সোহেল রানার পুনরায় করোনা পরীক্ষা করানো হয়েছিল। ইব্রাহিমের ফল আবারো পজিটিভ এসেছে। নেগেটিভ এসেছে সোহেলের ফল। অবশ্য সোহেল নেগেটিভ হলেও তাকে প্রস্তুতি নিতে হয়েছে একা একা।

এদিনের অনুশীলনের ফাঁকে মিডফিল্ডার আব্দুল্লাহ বললেন করোনা নিয়ে সতর্ক দলের সবাই। বলেন, ‘বছর দুয়েক হয়ে গেল কোভিড এসেছে। আমরাও জানি কীভাবে থাকলে নিরাপদ থাকা যাবে। সেভাবে চলাফেরা করছি, অনুশীলন করছি, হোটেলে অবস্থান করছি, এভাবে যতটুকু নিরাপদ থাকা যায় আরকি।’

ঈদের পর ৩২ জন ফুটবলার নিয়ে শুরু হয় ক্যাম্প। পরে ইনজুরির কারণে ছিটকে যান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তার পরিবর্তে অন্তর্ভুক্ত হওয়া রাসেল মাহমুদ লিটন এদিন অনুশীলন করেছেন। এ ছাড়া দলের সঙ্গে যোগ দিয়েছেন সহকারী কোচ পল স্টুয়ার্ট ওয়াটকিস।