দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঢাকামুখী যাত্রী নিয়ে মহাসড়কে বেপরোয়া গতিতে চলছে মাইক্রোবাস। ফাঁকা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গতকাল বুধবারও টাঙ্গাইলের মির্জাপুরে কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে।
গতকাল ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাইক্রোবাস চালক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাসান মিয়া (২৮), হেলপার একই জেলার তুলাবাড়ি এলাকার ইমন মিয়া (২৫) ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোলাম মওলা শামীম (২৮)। গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাইক্রোবাস চাপায় বাবুল শেখ (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবুল সিরাজগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর এলাকার শাহ জামালের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোছাদ্দেক হোসেন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে যায়।
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছে। তার নাম মাওলানা আমিরুল ইসলাম (৫৫)। গতকাল দুপুরে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম হযরত শাহজালাল (রহ.) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং একই ইউনিয়নের জায়ফরপুর গ্রামের বাসিন্দা।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, গতকাল দুপুর ১২টার দিকে অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম মাদ্রাসার সামনে সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওসি জানান, মাওলানা আমিরুল ইসলামকে যে প্রাইভেট কারটি চাপা দিয়েছিল সেটি জব্দ করা হয়েছে।
এছাড়া দেশের চার জেলায় সড়কে নারীসহ সাতজন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
ফেনী : ফেনীর ছাগলনাইয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর বালিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে
ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান।
নিহতরা হলেন, শুভপুর বন শুল্ক পরীক্ষণ ফাঁড়ির বন মালি টাঙ্গাইলের সখীপুর উপজেলার আমতেল গ্রামের নুরুল ইসলাম (৫২), ছাগলনাইয়ার জয়চাঁদপুর গ্রামের হাজেরা বেগম (৫৫), জগন্নাথ সোনাপুর গ্রামের শহিদউল্লাহ কাজী (৬২), মিরসরাই উপজেলার কাটাগাং গ্রামের আরিফ (২৬)।
পটুয়াখালী : লেবুখালীতে ট্রাকচাপায় সেলিনা বেগম (৪১) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। গত মঙ্গলার সন্ধ্যায় লেবুখালী ফেরিঘাটসংলগ্ন চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় লেবুখালী ঘাটে ফেরি পার হয়ে সড়কে ওঠার সময় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সেলিনা। এ সময় ট্রাকটির চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুমকি থানার ওসি মেহেদী হাসান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
নওগাঁ : পোরশায় মোটরসাইকেল-ভটভটির মুখোমুখি সংঘর্ষে হাফেজ রুবেল হোসেন (২৭) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার সারাইগাছী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রুবেল হোসেন উপজেলার সারাইগাছী গ্রামের মহসিন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রুবেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পোরশা থানার ওসি শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।