নতুন জাতীয়করণ হওয়া কলেজের যেসব শিক্ষক-কর্মচারী এখনো এমপিওভুক্ত হননি তাদের বেতন-ভাতা কলেজের স্থায়ী-অস্থায়ী তহবিল থেকে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, চার শর্তে এসব কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, চলমান কভিড পরিস্থিতি অব্যাহত থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীদের কাছে টিউশন ফি আদায় করা যাচ্ছে না বিধায়, নতুন সরকারি হওয়া কলেজগুলোর নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে শর্তানুসারে নতুন সরকারি কলেজগুলোতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার সুবিধার্থে সাধারণ তহবিল ব্যবহার ও প্রয়োজনে এফডিআর নগদায়নের নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের চারটি শর্তের মধ্যে রয়েছেÑসরকারি হওয়া কলেজগুলোর সাধারণ তহবিল থেকে এ বাবদ অর্থ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি সাধারণ তহবিলে অর্থ সংকুলান না হয়, তবেই কেবল স্থায়ী তহবিল থেকে অর্থ তোলা যাবে। যেসব নন-এমপিও শিক্ষক-কর্মচারী বর্তমানে কলেজ থেকে তহবিল স্বল্পতার কারণে বেতন পাচ্ছেন না, তাদের বিগত ২০২০ সালের এপ্রিল থেকে নভেম্বর মোট ছয় মাসের শুধু মূল বেতন দেওয়ার জন্য এ অর্থ ব্যবহার করা যাবে।
নিয়োগ নিষেধাজ্ঞা জারির অনতিপূর্বে গৃহীত কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের মূল বেতন নির্ধারিত হবে। প্রাপ্যতার অধিক অর্থ উত্তোলন করা হলে সেক্ষেত্রে ভবিষ্যতে শিক্ষক-কর্মচারীদের চূড়ান্ত সরকারিকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রদত্ত অর্থ সমন্বয় করতে হবে। এজন্য কলেজ কর্র্তৃপক্ষ একটি লিখিত আন্ডারটেকিং প্রদান করবে।