মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার আসলাম কাজীর ছেলে আজমল হোসেন শায়র (১৮) ও মুন্সিগঞ্জ সদর উপজেলার ভিটি হোগলা এলাকার আলমাস কাজীর ছেলে অমি কাজী (২১)।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, দুপুরে মোটরসাইকেলে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আসছিলেন অমি ও শায়র। তারা মুক্তারপুর সেতুতে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশের ফুটপাথ অংশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলে শায়র নিহত হন। চালক অমিকে গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজনের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।