বৈচিত্র্যময় চরিত্রের অভিনেত্রী হতে চাই

অল্প সময়ের অভিনয় ক্যারিয়ারে ছোট পর্দায় দারুণ জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিন। গেল ঈদে তাকে এক ডজনের মতো নাটকে দেখা গেছে। তার মধ্যে কিছু নাটক বেশ প্রশংসা কুড়িয়েছে। এসব নিয়ে কথা বলেছেন তিনি

ঈদের কাজ...

এবার ঈদে করোনাসহ নানাবিধ কারণে খুব বেশি কাজ করা হয়নি। আগে করা ছিল এমন কিছু নাটক ও নতুন তিন-চারটি কাজ মিলিয়ে ডজনখানেকের মতো নাটক প্রচার হয়েছে। তার মধ্যে শিহাব শাহিনের ‘স্বল্পমেয়াদি প্রেম’, মাবরুর রশীদ বান্নাহর ‘মেড ফর ইচ আদার’, রুবেল হাসানের ‘লাড্ডু সোনা’, আলমগীর রূমানের ‘৩০০ টাকার প্রেম ১০০ টাকা’, কেএম সোহাগ রানার ‘অ্যাওয়ার্ড’, সাইদুর ইমনের ‘উইল ইউ ম্যারি মি?’, জুলফিকার ইসলাম শিশিরের ‘উই আর ওয়েটার’ নাটকগুলোর জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। ঈদের পরই একটু ঘুরতে বেরিয়েছিলাম। তাই সব কাজ দেখা হয়নি। এগুলোই দেখেছি। অন্য শিল্পীদের কাজ একেবারেই দেখা হয়নি। তবে কিছু দেখার ইচ্ছা আছে।

পছন্দের সহশিল্পী...

আমি আসলে নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ থাকতে চাই না। সেটি হোক নাটকের ধরন, সহশিল্পী, নির্মাতা কিংবা চরিত্রে। সব ধরনের গল্পে বৈচিত্র্যময় চরিত্রে সব পরিচালক ও সহশিল্পীর সঙ্গে কাজ করতে চাই। খেয়াল করলে দেখবেন আমি যেমন মোশাররফ করিমের সঙ্গে কাজ করেছি, তেমনি অপূর্ব, নিশো, জোভান, তৌসিফ, ইরফান সাজ্জাদ সবার সঙ্গেই করছি। প্রত্যেক নায়কের সঙ্গে পর্দায় আমার আলাদা রসায়ন রয়েছে। এজন্যই হয়তো অল্প সময়ে দর্শকের কাছাকাছি যেতে পেরেছি। আমি চাই বৈচিত্র্যময় চরিত্রের অভিনেত্রী হতে। যাতে একটি চ্যালেঞ্জিং চরিত্র আসলে পরিচালকরা আমরা কথা ভাবেন।

ব্যক্তিজীবন...

এখন বয়স কম, কাজ করার এখনই তো সময়। তাই কাজেই ডুবে থাকি। এখন যেহেতু করোনাকাল, তাই ঘরে একটু বেশি থাকা হয়। এ অবসরে বই পড়তে, সিনেমা দেখতে এবং নতুন নতুন আইটেমের খাবার রান্না করতে আমার ভালো লাগে। আমার ব্যক্তিজীবন নিয়ে একটা কথা স্পষ্ট বলতে চাই, দয়া করে কেউ বিষয়টি নিয়ে অযথা আগ্রহ দেখাবেন না। সাংবাদিক ভাইবোনদের বলব, না জেনে, না শুনে আমাকে নিয়ে কেউ কোনো ভুল তথ্য পরিবেশন করবেন না। আমি শোবিজে এসেছি ভালো কিছু কাজ করতে। কাজের মাধ্যমেই মানুষের ভালোবাসা পেতে চাই। ব্যক্তিজীবন নিয়ে অযথা আলোচনা-সমালোচনা পছন্দ করি না। আগের একটি সাক্ষাৎকারে কিছু ভুল তথ্য পাঠকের কাছে পরিবেশিত হয়েছে। তাই এবারের সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করে দিলাম। আশা করি আমাকে নিয়ে সবার ধারণা পরিষ্কার হয়েছে।

শ্যুটিংয়ে ফেরা...

ঈদের পর গত পরশু থেকে একটি খন্ড নাটকের কাজ শুরু করেছি। এস আর মজুমদারের পরিচালনায় এ নাটকের নাম ‘মন দরিয়া’। আমার সহশিল্পী অপূর্ব। রোমান্টিক গল্পটি আশা করছি দর্শকের পছন্দ হবে।