চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুরে বজ্রপাতে ৬ কৃষকসহ ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জামালপুরের ইসলামপুরের পাথর্শী, গাইবান্ধা, সাপধরী, পলবান্ধা ইউনিয়নে ছয় কৃষকের মৃত্যু হয়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে তিনজনের মৃত্যু হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, বিকেলে মাঠে কাজ করার সময় ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে পাথর্শী ইউনিয়নের জারুলতলা এলাকার হলহলিয়া ব্রিজের নিচে আশ্রয় নেন ছয় কৃষক। এ সময় বজ্রপাতে এনামুল (৩৫), কালা শেখ (৪৫) ও শাহ জামাল (৩৮) নামে তিনজনের মৃত্যু হয়। আহত হন বিষু, মো. হামিদ ও রাজা মিয়া নামে আরও তিন কৃষক। একই সময় সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর এলাকায় বাদাম তোলার সময় বজ্রপাতে বিল্লাল নামে একজনের মৃত্যু হয়। আহত হন ইনসাফ নামে আরও এক কৃষক। এদিকে বৃষ্টির সময় মাঠে শুকাতে দেওয়া খড় আনার সময় বজ্রপাতে গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মহিজল হক (৫০) ও পলবান্ধা ইউনিয়নের বাতিকামারী গ্রামের জাবেদ আলীর (৬৮) মৃত্যু হয়। এ সময় আহত হন গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মহিজলের স্ত্রী দেলোয়ারা বেগম। একই ইউনিয়নের বাতিকামারী গ্রামের দেলোয়ারা, হামেদ, বিষু, রাজা, ইনসাফ নামে আরও পাঁচজন হন। তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।