হাসপাতাল থেকে পালানো ইউনুস গাজী নামের এক করোনা রোগীকে আটক করা হয়েছে। পালিয়ে থাকার ৬ দিন পর গত বুধবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা-পুলিশ শহরের বিপনীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে ইউনুসসহ তার সঙ্গে থাকা তার মা, ফুফু ও ফুফাতো বোনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।
এর আগে ভারত থেকে করোনা আক্রান্ত হয়ে গত ১৩ মে যশোর হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান। বর্তমানে তারা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন ও এএসআই মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালানো হয়।
এ ব্যাপারে চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, বৃহস্পতিবার ইউনুস, তার মা, ফুফু ও ফুফাতো বোনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে আসা করোনা রিপোর্টে ইউনুস, তার মা ও বোনের ফলাফল নেগেটিভ আসলেও তার ফুফুর রিপোর্ট পজিটিভ এসেছে। পজিটিভ রোগীকে আমরা চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে নিয়ে এসেছি। আমরা এখনই বলতে পারছি না তিনি ইউনুসের মাধ্যমে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের করোনায় আক্রান্ত হয়েছে কিনা। আমরা তা নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হবে। আশা করি শনি-রবি বারের মধ্যে তা নিশ্চিত হতে পারবো।