পটুয়াখালীর মহিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে একটি বসতঘর পুরোপুরি পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বকফুল বেগম (৬৫) নামের একজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে ইউসুপুর গ্রামের মনির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মনিরের স্ত্রী গ্যাসের চুলায় পানি গরম করতে যান। এ সময় অসাবধানতাবশত চুলা থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। মুহূর্তে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছার আগেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাদ মোহাম্মদ শহিদুল হক জানান, মনিরের ক্ষতি কাটিয়ে উঠতে তার পরিবারকে সহযোগিতা করা হবে।