চলন্ত বুলেট ট্রেনে টয়লেটে গিয়ে শাস্তির মুখোমুখি চালক

চলন্ত বুলেট ট্রেনে ককপিট ছেড়ে কয়েক মিনিটের জন্য টয়লেটে গিয়েছিলেন এক জাপানি চালক। এর জন্য শাস্তি হতে পারে তার।

একজন কন্ডাক্টরকে ওই সময় ককপিটে রেখে যান চালক। তবে ওই ব্যক্তির কোনো লাইসেন্স ছিল। ট্রেনটি তখন ১৫০ কিমি গতিতে চলছিল।

হিকারি ৬৩৩ নামের ওই বুলেটে ট্রেনে ১৬০ জন যাত্রী ছিল। তবে চালকের অনুপস্থিতি কোনো ধরনের প্রভাব ফেলেনি চলাচলে।

কিন্তু রেলওয়ে কোম্পানি বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষকে জানিয়েছে ও ক্ষমা চেয়েছে।

দ্য সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি (জেআর সেন্ট্রাল) জানায়, রবিবার সকালে এ ঘটনা ঘটে।

৩৬ বছর বয়সী চালকের নাম প্রকাশ করা হয়নি। তিনি পাকস্থলীতে ব্যথা অনুভব করে জরুরিভাবে টয়লেটে যান বলে উল্লেখ করা হয় বিবিসির প্রতিবেদনে।

তিনি কন্ডাক্টরকে সমস্যার কথা জানিয়েছে তিন মিনিটের জন্য প্যাসেঞ্জার কেবিনের টয়লেট ব্যবহার করেন।

কোম্পানির নিয়ম অনুসারে, চালক কোনো ধরনের অসুস্থতা অনুভব করলে কমান্ড সেন্টারকে জানাবে। তারাই পারে কোনো কন্ডাক্টরকে নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলতে, তবে ওই কন্ডাক্টরের লাইসেন্স থাকতে হবে।

জেআর সেন্ট্রাল জানায়, এ ঘটনায় চালক ও কন্ডাক্টরকে শৃঙ্খলা ভঙ্গের জন্য পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

এ বিষয়ে সিনিয়র কর্মকর্তা মাসাহিরো হায়াতসু বলেন, এটি অত্যন্ত অনুচিত কাজ ছিল। আমরা ক্ষমা চাইছি।

জাপানে রেলওয়ের মান কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং দুর্ঘটনা খুবই বিরল। সর্বশেষ বড় দুর্ঘটনাটি ঘটে ২০০৫ সালে পশ্চিমাঞ্চলীয় শহর আমাগাসাকিতে, যেখানে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১০৭ জন মারা যায়।

দেশটির বুলেট ট্রেন নেটওয়ার্ক শিনকানসেন ৫৭ বছরের পুরোনো। এর ইতিহাসে কোনো দুর্ঘটনা নেই।