বগুড়ার গাবতলীতে বন্ধুকে ধার দেওয়া ২০০ টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম (১৯) গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের সাজু প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, সালাম ও একই গ্রামের জীবন নামে অপর যুবক একসাথে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। এই সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
কিছুদিন আগে জীবন তার বন্ধু সালামের কাছ থেকে ২০০ টাকা ধার নেন। টাকা নেওয়ার পর থেকে তিনি সালামের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। মোবাইলে কল করলেও তিনি ধরতেন না।
শুক্রবার রাতে সালাম তার বাড়ির পাশে জীবনকে দেখতে পেয়ে পাওনা টাকা ফেরত চান। তখনই টাকা না দিলে তিনি জীবনের মোবাইল ফোন কেড়ে নেবেন বলে হুমকি দেন। জীবন তখন টাকা দেয়ার কথা বলে সালামকে সাথে নিয়ে কিছু দূরে গিয়ে পেটে ছুরিকাঘাত করেন।
সালাম চিৎকারে দিলে এলাকার লোকজন গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
গুরুতর আহত সালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ছুরিকাহত সালামকে হাসপাতালে নেয়ার পথে তিনি তার পরিবারের সদস্যদের কাছে বিস্তারিত ঘটনা বলেছেন।
বিষয়টি জানার পর অভিযুক্ত জীবনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।