বেনাপোল ও হিলি বন্দর

ভারত থেকে ফিরেছেন ৩৪২৬ জন, করোনা আক্রান্ত ১৭

বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশিদের ফেরত আসা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত এসেছেন ৩৭ জন।

দুই বন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন, চিকিৎসার জন্য ভারত গিয়ে আটকেপড়াদের মধ্যে গতকাল পর্যন্ত মোট ৩ হাজার ৪২৬ জন এনওসি নিয়ে বাংলাদেশে ফিরেছেন। এর মধ্যে বেনাপোল দিয়ে ৩ হাজার ৩৫০ ও হিলি বন্দর দিয়ে এসেছেন ৭৬ জন।

ফেরত আসাদের মধ্যে এ পর্যন্ত মোট ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই বেনাপোল বন্দর দিয়ে এসেছেন। এখনো হিলি বন্দর দিয়ে আসা কারও করোনা শনাক্ত হয়নি।

বেনাপোল ইমিগ্রেশনের কর্মকর্তারা জানান, গত ২৬ এপ্রিল থেকে শনিবার পর্যন্ত ভারত থেকে মোট ৩ হাজার ৩৫০ বাংলাদেশি ফিরেছেন। এদের বেশিরভাগ ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ফেরত ব্যক্তিদের মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. উৎপলা রায় বলেন, ‘আজ বন্দর দিয়ে ভারত থেকে ৩০ জন এসেছেন। তাদের যশোরের ঝিকরগাছা গাজির দরগা মাদ্রাসাসহ বিভিন্ন আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ১৪ দিন পর ফের নমুনা পরীক্ষায় কভিড নেগেটিভ এলে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে।’

এদিকে গতকাল কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে এনওসি ও করোনার নেগেটিভ সনদ নিয়ে আরও সাতজন দেশে ফিরেছেন বলে জানান হিলি বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী।

তিনি বলেন, ‘গত চার দিনে এ চেকপোস্ট দিয়ে মোট ৭৬ জন এসেছেন। স্বাস্থ্য স্ক্রিনিং, করোনা অ্যান্টিজেন টেস্ট, বিজিবি, ইমিগ্রেশন ও কাস্টমসের প্রক্রিয়া শেষে তাদের নির্ধারিত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এখন পর্যন্ত কারও করোনা শনাক্ত হয়নি।’