বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

২৬ বছরেরও বেশি সময় ধরে কাজ করার পর অবশেষে আগামী বছর বন্ধ হবে মাইক্রোসফটের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার। ১৯৯৫ সালে মাইক্রোসফ্ট নিয়ে আসে ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ ব্রাউজার। সে সময় উইন্ডোজ ৯৫-এর সঙ্গে প্রথমবারের মতো বাজারে এসেছিল ব্রাউজারটি। মাইক্রোসফট তাদের একটি ব্লগপোস্টে জানিয়েছে, ২০২২ সালের জুন মাসের পর উইন্ডোজ ১০ এর কোনো ব্যবহারকারীর কাছে ইন্টারনেট এক্সপ্লোরার ডিফল্ট ব্রাউজার হিসেবে থাকবে না। ব্রাউজার হিসেবে গুগল ক্রোম যত বেশি ইউজার ফ্রেন্ডলি হচ্ছিল প্রযুক্তির বাজারে সঙ্গে গুগলের সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়ে পড়ছিল ইন্টারনেট এক্সপ্লোরার। ফলে জনপ্রিয়তা কমতে থাকায় মাইক্রোসফটকে ভিন্ন উপায় বেছে নিতে হয়। ২০১৫ সালে তারা নিয়ে আসে এজ ব্রাউজার। ফলে নিজের কোম্পানিতেই আরও বেশি ব্রাত্য হয়ে পড়ে এক্সপ্লোরার। বিকল্প ব্রাউজার তৈরির পর এবার একেবারেই তাকে বিদায় জানাতে চলেছে মাইক্রোসফট।

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট বেশ কয়েক বছর ধরে পুরনো ব্রাউজারটি বন্ধ করে দেওয়ার কথা ভাবছিল। তবে ২০১৯ সালে মাইক্রোসফটের অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে একটি জরুরি ব্যবস্থা জারি রাখতে হয়। তখন দেখা যায় প্রায় ৮% মানুষ এখনো ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে। হুট করে তখন এক্সপ্লোরার বন্ধ করে দেওয়া সম্ভবপর হয়ে ওঠেনি। বিকল্প হিসেবে মাইক্রোসফটের পক্ষ থেকে এজ ব্রাউজার ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

একটি ব্লগে মাইক্রোসফট এজ প্রোগ্রাম ম্যানেজার শন লিন্ডারসে লিখেছেন যে, নতুন ব্রাউজার হিসেবে মাইক্রোসফট এজ ব্যবহারকারীদের দ্রুততর, সুরক্ষিত ও আধুনিক ব্রাউজিং অভিজ্ঞতা দেবে। মাইক্রোসফট এজ এখনো এক্সপ্লোরারের পুরনো অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট পরিচালনা করতে সক্ষম। কাজেই দেখা যাচ্ছে, ক্রোমের সঙ্গে পাল্লা দিয়ে মাইক্রোসফট এজের বাজার আরও পাকাপোক্ত করে তুলতেই এক্সপ্লোরারকে একেবারে বিদায় জানাতে যাচ্ছে মাইক্রোসফট। এদিকে আরও একটি নতুন ঘোষণায় মাইক্রোসফট জানিয়েছে ব্যবহারকারীদের কাছে নতুন রূপে ফিরে আসতে ডিফল্ট ফন্ট ক্যালিব্রিকে পরিবর্তন করতে যাচ্ছে তারা। ২০০৭ সাল থেকে মাইক্রোসফটের ডিফল্ট ফন্ট হিসেবে ক্যালিব্রি ব্যবহৃত হয়ে আসছে। নতুন এইসব চমক ব্যবহারকারীদের কাছে কীরকম গ্রহণযোগ্যতা পায় সেটাই এখন দেখার অপেক্ষায় সবাই।