শতবর্ষী মাকে গোয়ালঘরে বন্দি রাখে ‘কৃষি কর্মকর্তা’ ছেলে!

ফরিদপুরের নগরকান্দায় দেখাশুনা না করে শতবর্ষী মাকে পরিত্যক্ত গোয়ালঘরে তালাবন্দি করে রাখার অভিযোগ উঠেছে একমাত্র ছেলে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। নগরকান্দা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের করপাড়ায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গতকাল রবিবার ছেলে রমেন মন্ডলের কব্জা থেকে তার মা রাজেশ্বরী মন্ডলকে উদ্ধার করেন স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিকরা।

রমেন মন্ডল উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। সম্প্রতি তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন।

স্থানীয়রা জানান, রমেন স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে অবস্থান করলেও দীর্ঘদিন মাকে গোয়ালঘরে তালাবন্দি করে রেখেছিলেন। গরমে তার নাভিশ্বাস উঠলেও ছেলে কোনো ব্যবস্থা নেননি এমনকি ঠিকমতো খাবারও দিতেন না।

নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি বোরহান আনিস জানান, বিষয়টি জানতে পেরে তারা ওই বাড়িতে গিয়ে গোয়ালঘর থেকে রাজেশ্বরী মন্ডলকে বের করে আনেন। এ সময় তিনি হাউমাউ করে কান্না করতে থাকেন। খুবই ক্ষুধার্ত ছিলেন, তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা তাকে আম খেতে দেন এবং ছেলের ঘরে নিয়ে গিয়ে ফ্যানের নিচে বসালে স্বস্তি পান।এক পর্যায়ে সাংবাদিকদের চাপের মুখে রমেন মন্ডল নিজের ভুল স্বীকার করেন। মাকে আর কষ্ট দেবেন না বলে আশ্বস্ত করেন। ফের এমন ঘটনা ঘটলে রমেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে রমেন মন্ডল বলেন, ‘দরজা খোলা থাকলে মা বিভিন্ন জায়গায় চলে যান। এজন্য তালা দিয়ে রাখি। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি। এখন থেকে মাকে ঘরে রাখব এবং সব যত্নআত্তি করব।’