প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর মধ্যেই ভারতে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। ইতিমধ্যেই দেশটিতে ৯ হাজার ব্যক্তি এতে সংক্রমিত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের মতো সংক্রমণের পেছনে বড় কারণ অপরিচ্ছন্নতা। না ধুয়ে টানা দুই থেকে তিন সপ্তাহ একই মাস্ক পরলে এই সংক্রমণ হতে পারে। এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউটসের (এআইএমএস) কয়েক চিকিৎসক।
এআইএমএসের স্নায়ুবিদ্যা বিভাগের অধ্যাপক, চিকিৎসক পি শরৎ চন্দ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অপরিচ্ছন্নতা ছত্রাক জাতীয় সংক্রমণের পেছনে বড় কারণ। তার ভাষায়, ‘অনেকেই ২ থেকে ৩ সপ্তাহের বেশি সময় না ধুয়ে একই মাস্ক ব্যবহার করেন। তার থেকেও ছড়াতে পারে এই সংক্রমণ।’
সংক্রমণ এড়াতে নিয়মিত মাস্ক পরিবর্তন বা সেটিকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অবশ্য তার এই কথার পেছনে এখনো যথেষ্ট পরিমাণে প্রমাণ নেই। তবে খ্যাতনামা একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুরেশ সিংহ নারুকা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই ছত্রাকের সংক্রমণের পেছনে অস্বাস্থ্যকর পরিবেশের বড় ভূমিকা থাকতেই পারে।
সুরেশ সিংহ নারুকা বলেন, ‘এক মাস্ক পরা তো বটেই, তার পাশাপাশি হাওয়া চলাচল করে না এমন ঘরে বসবাসও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পেছনে বড় কারণ হতে পারে।’ তবে এর পাশাপাশি অনিয়ন্ত্রিত স্টেরয়েডের ব্যবহারকেও তিনি অনেকাংশে দায়ী করেছেন।
তার মতে, ‘কভিড সংক্রমণ নিয়ে সন্দেহ হলেই অনেকে নিজে নিজে স্টেরয়েড নিতে শুরু করেন। চিকিৎসকদের পরামর্শ নেন না। স্টেরয়েডের মাত্রাতিরিক্ত ব্যবহারও এই সংক্রমণের পেছনে কারণ হতে পারে।’