এনটিআরসিএ

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ বাড়ল

নিবন্ধনধারী ৫৪ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ নিয়োগসংক্রান্ত গণবিজ্ঞপ্তির ওপর দেওয়া স্থগিতাদেশ বাড়িয়েছে উচ্চ আদালত। ৩১ মে পর্যন্ত স্থগিতাদেশ বাড়িয়ে ওই দিন পরবর্তী শুনানির জন্য ধার্য রেখেছে হাইকোর্ট। এ নিয়ে আদালত অবমাননাসংক্রান্ত আবেদনের ওপর শুনানিও হবে ওই তারিখে।

গতকাল রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে রিট আবেদনের ধারাবাহিকতায় ৬ মে আদেশে এনটিআরসিএ কর্র্তৃক ১ থেকে  ১২তম নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছিল আদালত। এর ধারাবাহিকতায় বিষয়টি গতকাল শুনানির জন্য আসে। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মহিউদ্দিন মো. হানিফ ফরহাদ। গত ৩০ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল এনটিআরসিএ।