ভার্চুয়াল অনুষ্ঠানে কাদের

আদালত স্বাধীন রোজিনার জামিনে প্রমাণ হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অফিশিয়াল সিক্রেটস’ আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের মাধ্যমে প্রমাণ হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনো হস্তক্ষেপ করেনি। গতকাল রবিবার জাতিসংঘের গ্লোবাল রোড সেফটি উইক উপলক্ষে এক ভার্চুয়াল লাইভ আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের তার জাতীয় সংসদ ভবন এলাকায় বাসভবন থেকে অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এদেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে ’৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত কিছুই করেনি। রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে সেই বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল।’ আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলে জানিয়ে তিনি বলেন, ‘গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়িকে জীবাণুমুক্ত করতে হবে। যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।’ যাত্রীসাধারণ ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যতই বড় বড় মেগা প্রকল্প এবং সড়ক চার, ছয়, আট লেন হোক না কেন, সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরে না এলে জনগণ এর সুফল পাবে না।’

সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন মন্ত্রী। তিনি বলেন, ‘গত ১০ বছরে বাংলাদেশে যোগাযোগ খাতে যেই অসম উন্নয়ন সাধিত হয়েছে বিগত কোনো সময়ে হয়নি। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলো চলমান, আশা করা হচ্ছে আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্লাইওভার নির্মিত হয়েছে, যা এই সরকারের আরও একটি সাফল্য।’