ইউএনওকে ‘পরীক্ষা করতে’ খাদ্য সহায়তা চেয়ে তরুণের ফোন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রহুল আমিন এর কাছে সোমবার দুপুরে ৩৩৩ নম্বর থেকে একটি কল আসে। কল করে এক ব্যাক্তি জরুরি খাদ্য সহায়তা চান।

ফোন পেয়ে ইউএনও খাদ্য সহায়তা নিয়ে তরুণের দেয়া ঠিকানায় পৌঁছান। কিন্তু ঠিকানায় পৌঁছে দেখতে পান যিনি কল করেছেন তার তিন তলা বাড়ি। এক তলা তাদের, বাকি দুই তলা তার চাচাদের। ঘটনাটি ঘটেছে হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মার্দাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাড়িয়াঘোনা এলাকায়।

ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িয়াঘোনা এলাকার মো. জাফরের ছেলে শাহাদাত হোসেন সাকিব তার মোবাইলে খাদ্য সহায়তা চেয়ে কল করেন। কল পাওয়া মাত্র তিনি খাদ্য সহায়তা নিয়ে রওনা দেয়ার প্রস্তুতি নেন।

তিনি বলেন, ওই এলাকা চেনেন এমন একজন ইউপি সদস্যকে সাথে নিয়ে তিনি সাকিবের দেয়া ঠিকানা অনুযায়ী রওনা করেন। হালদা নদী নৌকায় পাড়ি দিয়ে বাকি রাস্তা অটোরিকশা দিয়ে সেখানে পৌঁছান। গিয়ে দেখে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা তিন তলা বাড়ি। এক তলায় সাকিবরা থাকেন, অন্য দুই তলা তার চাচাদের।

ফোন কল করা সাকিবকে খুঁজে নিয়ে তার ফোন করার কারন জিজ্ঞেসা করা হলে সে জানায়, সরকারের নির্দেশনা অনুসারে ইউএনও ‘সজাগ’ কিনা পরীক্ষা করতে ফোন করেছেন। পরে সে তার ভুল স্বীকার করে ক্ষমা চায়।

এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।