বিয়ে না করে ইতিহাস করেও রেকর্ড

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতা গ্রহণের পরই একটি ইতিহাস গড়েছিলেন বিয়ে না করা সঙ্গিনীকে নিয়ে ডাউনিং স্ট্রিটে বসবাস শুরু করে। আর এবার ২০০ বছর আগের ইতিহাস ছুঁতে যাচ্ছেন বিয়ে করে! তার মতোই ১৮২২ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ে করার প্রথম দৃষ্টান্ত রেখেছিলেন লর্ড লিভারপুল।

৫৬ বছর বয়সী বরিস ইতিমধ্যে তার ৩৩ বছর বয়সী বান্ধবী কেরি সাইমন্ডসের সন্তানের বাবাও হয়েছে। গত বছর করোনার মধ্যেই জন্ম নিয়েছে তাদের ছেলে উইলফ্রেড জনসন। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে পারছেন না তারা। করোনার কারণে কাজটি আটকে গেছে ভালোভাবেই। তবে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জানাচ্ছে, অ্যাসপিনাল ফাউন্ডেশন নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের কর্মী কেরি নাকি ইতিমধ্যে বন্ধু-স্বজনদের বিয়ের দাওয়াতও দিতে শুরু করেছেন। সম্ভবত ২০২২ সালের ৩০ জুলাই তারা বিয়ে করতে যাচ্ছেন।  আর তা সত্যি হলে লর্ড লিভারপুলের ঠিক ২০০ বছর পরই সেই রেকর্ড স্পর্শ করবেন বরিস জনসন।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেক কনজারভেটিভ সাংসদ স্ট্যানলি জনসন ও তার প্রথম স্ত্রী চিত্রকর শার্লট ফসেটের সন্তান আলেক্সান্ডার বরিস দ্য পিফেল জনসনের ডাক নাম বোজো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্ম নেওয়া এই ব্রিটিশ রাজনীতিবিদের দাদার বাবা আলি কামাল ছিলেন একজন তুর্কি। এ কারণে মাঝেমধ্যে নিজেকে মুসলিম উত্তরাধিকারী হিসেবে বলে থাকেন জনসন।

২০১৯ সালের সাধারণ নির্বাচনে বিপুল জয়ের আগেই কেরিকে পেয়েছিলেন জনসন। এক চ্যারিটি প্রোগ্রামে তাদের পরিচয়। পরিচয় থেকে প্রেম, তারপর বাগদান এবং তার কিছু দিনের মধ্যেই করোনা মহামারীর মধ্যেই তাদের ঘরে আসে ছেলে। এই সময়ের মধ্যে বারবার খবরের শিরোনামে এলেও বিয়ের ঘোষণাটা দিতে পারেননি তারা।

অবশ্য তাতে যৌথ জীবনযাপন থেমে থাকেনি। ব্রিটেনের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসন ডাউনিং স্ট্রিটে বিয়ে না করা সঙ্গিনীকে নিয়ে বসবাস শুরু করেন ২০১৯ সালের জুলাই মাস থেকে।