মিয়ানমারের পূর্ব সীমান্তে গত রবিবার জান্তাবিরোধী বেসামরিক যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দেশটির অন্তত ২০ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। জান্তাবিরোধী যোদ্ধাদের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান ওই সংবাদ প্রকাশ করেছে।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের নিয়ে গঠিত ছায়া সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) দাবি, শান রাজ্যের একটি শহরে তাদের যোদ্ধাদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ২০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া শহরের একটি পুলিশ স্টেশন তারা দখল করে নেয়।
চলতি মাসের শুরুর দিকে ছায়া সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, তারা পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) গঠন করেছে। সামরিক জান্তার হাত থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে তারা এই বাহিনী গঠন করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জান্তাবিরোধী যোদ্ধাদের দখলে নেওয়া পুলিশ স্টেশনটি পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে আটক করে হেফাজতে নিয়েছেন জান্তাবিরোধী যোদ্ধারা।
এ ঘটনার একাধিক ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। ভিডিওতে নিরাপত্তা বাহিনীর উর্দি পরা সদস্যদের লাশ পড়ে থাকতে দেখা গেছে। আগুন ধরিয়ে দেওয়া পুলিশ স্টেশন ও পুলিশের একটি যানবাহন থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
এ ছাড়া বিভিন্ন ছবিতে চারজন আটক ব্যক্তিকে দেখা যায়, যাদের পুলিশ সদস্য বলা হচ্ছে। তাদের সবার হাত পেছনের দিকে থাকতে দেখা যায়। আর সার্জিক্যাল মাস্ক দিয়ে তাদের চোখ বাঁধা ছিল।
শান রাজ্যের যে শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে, সেটি মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এলাকাটি কিছু সংখ্যালঘু নৃতাত্ত্বিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত ভূখণ্ডের কাছেই অবস্থিত। এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য কয়েক দশক ধরে লড়াই করে আসছে।