ইসরায়েলের বিষয়ে বঙ্গবন্ধুর নীতির একচুলও পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের কাছে তার পারিবারিক দাতব্য সংস্থা এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি লাশবাহী ফ্রিজার ভ্যান হস্তান্তর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বাংলাদেশি পাসপোর্টের নতুন সংস্করণে ‘ইসরায়েল ভ্রমণে’ নিষেধাজ্ঞার কথাটি লেখা থাকছে না এ বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘পাসপোর্টের এ পরিবর্তনটা “ইন্টারন্যাশনাল নর্মসে”র কারণে করা হয়েছে। কোনোভাবেই এতে ইসরায়েলের উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। কারণ ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। পাসপোর্টে লেখা থাকুক বা না থাকুক, বাংলাদেশিদের জন্য ইসরায়েল ভ্রমণ বন্ধ, একই সঙ্গে ইসরায়েলের পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে আসাটাও বন্ধ থাকবে।’
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এবং ইসরায়েলি আগ্রসনের মাধ্যমে মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়ে আসছে, সেটির বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান তা একই জায়গায় আছে। বরং সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে যেভাবে হামলা পরিচালনা করা হয়েছে, তার ফলে সেই অবস্থান আরও সংহত হয়েছে, বাংলাদেশ এ হামলার প্রতিবাদ জানিয়েছে।’
সাংবাদিক রোজিনা ইসলামের জামিনকে বিএনপির মহাসচিব ‘ফরমায়েশি’ বলেছেন, এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘রোজিনা ইসলাম গতকাল (রবিবার) জামিনে মুক্তি পেয়েছেন এজন্য সাংবাদিক সমাজের সঙ্গে আমি নিজেও সন্তোষ প্রকাশ করেছি। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য দিয়েছেন, তাতে মনে হচ্ছে রোজিনা ইসলামের মুক্তিতে মির্জা ফখরুলসহ বিএনপি খুশি হয়নি। বরং তারা চেয়েছিল রোজিনা ইসলাম আরও কিছুদিন কারাগারে থাক, তাহলে তাদের জন্য রাজনীতি করার সুযোগ হতো। সেজন্যই হয়তো তার জামিনে মির্জা ফখরুল সাহেব খুশি হতে পারেননি।’
এর আগে রাঙ্গুনিয়াবাসীর বিনামূল্যে ব্যবহারের জন্য লাশবাহী ফ্রিজার ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে অনলাইনে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, ‘রাঙ্গুনিয়াবাসীর জন্য এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েক বছর আগে একটি এবং সরকারের পক্ষ থেকেও তিন বছর আগে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। এ দুটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রাঙ্গুনিয়াবাসী দিনরাত্রি সেবা পাচ্ছে। এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে যে লাশবাহী ফ্রিজার ভ্যান উপজেলা পরিষদকে হস্তান্তর করা হলো, সেটিও লাশ বহন ও সংরক্ষণের সংকট নিরসনে সহায়ক হবে বলে আমি আশা করি।’