নড়াইলের লোহাগড়ায় তাল গাছ থেকে রস আহরণকালে অসাবধানতাবশত পড়ে গিয়ে মতিয়ার রহমান (৬৫) নামে একজন গাছির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে জানাজার নামাজ শেষে বাড়ীভাঙ্গা-হান্দলা সম্মিলিত কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মৃত মতিয়ার রহমানের বাড়ি লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা (ছোট হান্দলা) গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের বিলের মাঝে তালগাছে রস আহরণের জন্য ওঠেন। অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাল গাছতলায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নোয়াগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (হান্দলা-বাড়ীভাঙ্গা) সদস্য এসএম শারফুজ্জামান বোরাক বলেন, ‘মৃত মতিয়ার রহমানের ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছেন। তবে ছেলেমেয়ে থাকলেও সংসারে অভাব-অনটনের কারনে বৃদ্ধ বয়সেও কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে তালগাছ থেকে রস আহরণ করতেন।
এ ছাড়া বর্গা জমি চাষসহ শ্রম বিক্রি করে সংসারের খরচ জোগাতেন।