এসপি ফজলু ও এএসপি নাজমুল সাময়িক বরখাস্ত

সদ্য পদোন্নতি পেয়ে র‌্যাবে পদায়ন হওয়া এক পুলিশ সুপার ও রাজশাহী মহানগর পুলিশে কর্মরত এক সহকারী পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত দুই কর্মকর্তা হলেন, র‌্যাব-৫ এর পুলিশ সুপার এসএম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. নাজমুল হাসান।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি হয়।

প্রজ্ঞাপনে জনস্বার্থে ও সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘন করায় সাময়িক বরখাস্তের কথা বলা হয়।

এতে আরো বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তারা পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবে।

জানা গেছে, পুলিশ সুপার ফজলুল হক পদোন্নতি পাওয়ার পর তাকে র‌্যাবে পদায়ন করা হয়। পদায়নের পর তিনি জুনিয়র কর্মকর্তার কাছে বিভিন্ন বাহিনী নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।