তবে কি জুভেন্তাস ছাড়ার গুঞ্জন উসকে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো? না হলে কেন বলবেন, ইতালির ক্লাবটিতে যোগ দেওয়ার সময় যে ব্যক্তিগত লক্ষ্য সামনে রেখেছিলেন, তা পূরণ হয়ে গেছে তার?
এ বারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকে জুভেন্তাস বিদায় নেওয়ার পরই সমালোচনা চলছিল রোনালদোকে নিয়ে। রিয়াল মাদ্রিদে আবার ফিরতে চান তিনি, এখন খবরও এসেছে।
রিয়ালও সিআর সেভেনকে ছাড়ার পর থেকে আর সাফল্য পায়নি। গুঞ্জন থাকলেও দুই পক্ষই এখনো খোলাখুলি কিছু বলেনি। তবে, রোনালদোর ‘সব পাওয়া হয়ে গেছে’ মন্তব্যের মধ্যে কিন্তু জুভেন্তাস ছাড়ারই ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। জুভেন্তাস কর্তারা অবশ্য এ নিয়ে মন্তব্য করতে চাননি।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, ‘এ বছর আমরা সিরি আ জিততে পারিনি। যোগ্য টিম হিসেবেই খেতাব জিতেছে ইন্তার মিলান। তবে, এই বছর ক্লাব ও আমি যা অর্জন করেছি, তারও মূল্য অনেক।’
রোনালদোর এই মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই অনেকে বলতে শুরু করেছেন, রিয়ালের দিকে যে তিনি এগোতে শুরু করেছেন, এটা তারই ইঙ্গিত।
একই সঙ্গে রোনালদো এও বলছেন, ‘ইতালির ফুটবলে কোনো কিছুই জেতা সহজ নয়। এখানকার ফুটবল অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও আমরা ইতালিয়ান কাপ, সুপার কাপ যেমন জিতেছি, আমিও তেমন সর্বোচ্চ স্কোরার হয়েছি। এগুলো আমাকে যথেষ্ট তৃপ্তি দিয়েছে। এই প্রাপ্তিগুলোর জন্যই বলতে পারি, জুভেন্তাসে যোগ দেওয়ার সময় যে লক্ষ্য আমি নিজের জন্য রেখেছিলাম, সেগুলো ছুঁতে পেরেছি।’
রোনালদো আরো বলেন, ‘এইগুলোর জন্যই তো কঠিন পরিশ্রম করি। এই স্বপ্নগুলোই তাড়া করি। জীবনের শেষ দিন পর্যন্ত করব। আমার এই যাত্রায় যারা সঙ্গী, তাদের সবাইকে ধন্যবাদ।’
জুভেন্তাসের সঙ্গে আরো এক বছর চুক্তি রয়েছে সিআর সেভেনের।