ঈশ্বরদীতে হবে গার্মেন্টস এক্সেসরিজ কারখানা

ভারত-বাংলাদেশ যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স খ্যাতি লেদার ইনোভেশনস বিডি ঈশ্বরদী ইপিজেডে ২৯ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস এক্সেসরিজ ও ব্যাগ প্রস্তুতকারী কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি করেছে।

প্রতিষ্ঠানটি বার্ষিক ৪-৫ কোটি ব্যাক প্যাচ, হিট সিল লেবেল, সিলিকন লেবেল, বেল্ট, প্রিন্টেড ফেব্রিক, বাটন, রিবেট, ফেব্রিক লেবেল, হ্যাং ট্যাগ বা স্টিকার, লেইস, শু সোল, শু আপার, ব্যাগ, ফ্যাশনেবল টেপ, ওভেন লেবেল, নিটেড অ্যান্ড ফেব্রিক বেল্ট ইত্যাদি তৈরি করবে। কারখানাটিতে ১১৬ বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান এবং  খ্যাতি লেদারের চেয়ারম্যান প্রভিন সত্যপাল উপল সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মো. নজরুল ইসলাম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।