বাংলাদেশের পাসপোর্ট ইস্যুতে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের করা মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘কোন রাষ্ট্রদূত, কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা স্বাধীন দেশ। স্বাধীনভাবেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে থাকি। আমাদের পররাষ্ট্রনীতি নিজেরাই ঠিক করি।’ পাসপোর্টে ইসরায়েল ইস্যুতে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তিনি।
গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন মন্তব্য করেন।
প্রসঙ্গত, বাংলাদেশি পাসপোর্টে আগে লেখা থাকত ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল।’ অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ। সম্প্রতি ইস্যুকৃত কিছু ই-পাসপোর্টে দেখা গেছে, সেখানে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’ লেখা। অর্থাৎ ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ’। ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ছাড়া’ শব্দ দুটি অনুপস্থিত।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ আছে এবং ইসরায়েলের প্রতি বাংলাদেশের অবস্থান বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দাও জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী দুই রাষ্ট্র নীতির প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রয়েছে বলেও বিবৃতি জানানো হয়।
তবে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত বাক্যটি উঠে যাওয়া প্রসঙ্গে হতাশা ব্যক্ত করে বলেছেন, ‘এটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়’। তিনি বিষয়টি নিয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনের সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছেন। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, বাংলাদেশের পাসপোর্ট যেন ‘আন্তর্জাতিক মানের’ হয় সে জন্যই এ পরিবর্তন আনা হয়েছে।
চীনের কাছ থেকে দেড় কোটি টিকা কিনবে বাংলাদেশ : চীনের কাছ থেকে দেড় কোটি টিকা কেনা হবে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।’ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। ড. মোমেন বলেন, ‘চীনের কাছ থেকে আমরা দেড় কোটি টিকা কিনব। আগামী জুন-জুলাইয়ের মধ্যে এই টিকা আসা শুরু হবে। প্রতি মাসে ৫০ লাখ টিকা আনা হবে।’
মন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র থেকে যে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে মার্কিন ওষুধ প্রশাসনের (এফডিআই) অনুমতি লাগবে। সে কারণে জটিলতা তৈরি হয়েছে।’