করোনা সংক্রমণ রোধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় যেসব সৌদিপ্রবাসী নিজ নিজ দেশে আটকা পড়েছেন তাদের ইকামা (অবস্থানের অনুমতি) ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। আগামী ২ জুন পর্যন্ত কোনো বাড়তি ফি ছাড়াই আগের ভিসায় যাওয়া যাবে সৌদি আরব।
দেশটির এক রাজকীয় আদেশের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে।
আদেশে বলা হয়, সৌদি বাদশাহ সালমানের নির্দেশে দেশটির অর্থমন্ত্রী ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছেন। দেশের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা ও দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে দেশটির পাসপোর্ট অধিদপ্তর নিশ্চিত করেছে।