আম পেড়ে খাওয়ায় পিটিয়ে মায়ের হাত ভাঙল সন্তানরা

৬৫ বছর বয়সী বৃদ্ধা ও বিধবা মা হাছিনা আক্তার ভিটার গাছ থেকে আম পেড়ে খেয়েছেন। এ কারণে ছোট দুই ছেলে ও এক মেয়ে মায়ের কোমর ও হাত ধরে রাখে। বড় ছেলে পিটিয়ে হাত ভেঙে দেয় মায়ের।

এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর গ্রামের।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটলেও রাত সাড়ে ১১টার দিকে পাড়ার লোকজনের সহায়তায় মা হাছিনা আক্তার ৪ সন্তানকে অভিযুক্ত করে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মৃত বদরুদ্দোজার স্ত্রী আহত হাছিনা আক্তারকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত হাছিনা আক্তার থানায় দেওয়া লিখিত অভিযোগে দাবি করেন, স্বামী মারা যাওয়ার পর তিনি স্বামীর ঘরে বাস করে আসছেন। পাশাপাশি তার ছেলেরা রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের আম গাছ থেকে আম পেড়ে খাওয়া নিয়ে বড় ছেলে শাহাবউদ্দিনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ছেলে। এ বিষয়ে প্রতিবাদ করলে রাত পৌনে ৮টার দিকে ছোট ছেলে নেজাম উদ্দিন, বাবুল ও মেয়ে ইয়াছমিন আক্তার তার কোমর ও হাত ধরে রাখে। বড় ছেলে সাহাব উদ্দীন লোহার রড দিয়ে আঘাত করলে হাত ভেঙে যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, থানায় অভিযোগ দেওয়ার পরপরই পুলিশ টিম পাঠানো হয়। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।