শেষ ওয়ানডের দলে নাঈম শেখ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অতিরিক্ত চার জনের সঙ্গে ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। আগামীকালের শেষ ওয়ানডের জন্য আগের সেই স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হয়েছে এই ওপেনারকে।

গত বছর সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডেটি খেলেছিলেন নাঈম। তবে সে ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি তার। নিউজিল্যান্ডে সবশেষ ওয়ানডে সিরিজের দলেও ছিলেন এই হার্ডহিটার। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তবে খেলেছিলেন তিন টি-২০তেই। সবমিলিয়ে ৯ টি-২০তে প্রায় ৩৪ গড়ে করেছেন ৩০৩ রান।

ওয়ানডেতে গত কয়েক মাস ধরে রানখরায় ভুগছেন ওপেনার লিটন দাস। শেষ ৮ ওয়ানডেতে ১২.৬২ গড়ে লিটনের সংগ্রহ মাত্র ১০১ রান। যার মধ্যে তিনটি ইনিংসে এই ডানহাতি খুলতে পারেননি রানের খাতা। লঙ্কানদের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে থিতু হয়ে ফেরেন ৪২ বলে ২৫ করে। যদি লিটনকে শেষ ওয়ানডেতে না খেলানো হয়, তবে নাঈমের সম্ভাবনা আছে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে। তবে দলে আগে থেকেই আছেন টপ-অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।