শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ, পারের অপেক্ষায় শত শত যানবাহন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে নদীতে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়াঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।

তা ছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পারাপারের অপেক্ষমাণ যাত্রীদের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে ২ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে আসার আগে ফেরি চলাচল করবে না।

তিনি আরও জানান, দক্ষিণবঙ্গের এ নৌরুটের  ১৮টি ফেরির মধ্যে শিমুলিয়া ঘাটে ২টি ও বাংলাবাজার ঘাটে ১৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া লঞ্চ ঘাটের কর্মকর্তা মো. সোলেমান জানান, নদীতে প্রবল বাতাস ও ঢেউ থাকায় ফেরির পাশাপাশি লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হাফিজুর রহমান জানান, সকাল থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রী ও পরিবহনের চাপ রয়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় সহ¯্রাধিক যানবাহন।