আবারও চয়নিকার সঙ্গে পরীমনি

গত বছর মুক্তি পায় চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’। এই সিনেমার নায়িকা পরীমনিকে নিয়ে আবারও কাজ করতে যাচ্ছেন চয়নিকা চৌধুরী। আগামী সপ্তাহে ঘোষণা আসছে নতুন প্রজেক্টের। বিষয়টি নিশ্চিত করেছেন চয়নিকা চৌধুরী। তবে নতুন কাজটি কেমন হবে, তা নিয়ে এখনই কিছু বলতে নারাজ চয়নিকা। চয়নিকা বলেন, ‘‘পরীর সঙ্গে আমার প্রথম কাজ ‘বিশ্বসুন্দরী’। কাজটি করতে গিয়ে আমি ও পরী আরও বেশি আন্তরিক হয়েছি। আমাদের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে। সে আমাকে ‘মা’ বলে ডাকে। আবার আমার মনে হয়েছে, পরী এই সময়ের চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী। আশাকরি, আমাদের পরবর্তী কাজটি আরও সুন্দর হবে।’’ সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনিকে নিয়ে তিনি লিখেছেন, ‘আমার সঙ্গে তার সম্পর্ক কী এবং কেন তা আর মুখ দিয়ে বলার কিছু নেই। তা আমরা দু’জন খুব ভালো করেই জানি। আমরা একশ ভাগ ক্লিয়ার। শুধু এতটুকু বলতে পারি, পরীমনি একজন অসম্ভব অন্যরকম মনের মানুষ, এমন মানুষ খুব কম দেখা যায়। তার ঘরবাড়ি, রান্নাঘর সবকিছু সে নিজেই দেখে।’