মহামারী করোনার মধ্যেও চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক। এটি ২০২০ সালের প্রথম প্রান্তিকের তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট সুদ আয় কমলেও বিনিয়োগ, কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ আয় বেড়েছে। এ কারণেই ব্যাংকটির নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
করোনার শুরু থেকেই সুরক্ষা ব্যবস্থা জোরদার করায় এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকিং পরিষেবা অব্যাহত রেখে ও ডিজিটাল গ্রাহক পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে ব্যবসায়িক সফলতা ধরে রাখতে সক্ষম হয় ব্র্যাক ব্যাংক। চলতি প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৬ পয়সা। ব্র্যাক ব্যাংকের গ্রাহক আমানত বছরপ্রতি বেড়েছে ৪ শতাংশ। এছাড়া বছরপ্রতি গ্রাহক ঋণ প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। এসএমই ঋণ প্রবৃদ্ধি ছিল ১৮ শতাংশ। চলতি প্রথম প্রান্তিকে ব্যাংকের নন-পারফর্মিং লোন (এনপিএল) অনুপাত ছিল ৪ দশমিক ৪ শতাংশ, যা বছরপ্রতি হিসেবে শূন্য দশমিক ৬ শতাংশ বেশি।