ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী

সাধারণ মানুষ ব্যবসায়ীদের বাঁচানোর বাজেট দেওয়া হবে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানোর লক্ষ্য নিয়েই ঘোষণা করা হবে। লক্ষ্য থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদের বাঁচানো। সবার স্বার্থ দেখেই আমরা বাজেটটি করছি।

গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বাজেটে ব্যবসায়ীদের জন্য কর ছাড়সহ অন্যান্য কোনো সুখবর থাকবে কি-না জানতে চাইলে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এসব বিষয়ের জন্য বাজেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেসব তথ্য উপস্থাপিত হবে, সেগুলো আমাদের সামনে চলে আসবে। আমরা এখনই কোনো তথ্য প্রকাশ করতে পারব না। সাধারণত আমরা বলতে পারিআমাদের লক্ষ্যই থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদের বাঁচানো। সুতরাং সবার স্বার্থ দেখেই আমরা বাজেটটি করছি। আমাদের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে তাদের সঙ্গে রাখা। তাদের সঙ্গে রেখেই আমরা এগিয়ে যেতে চাই।’

ভ্যাকসিনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কভিড-১৯ বিষয়ক কাজগুলোর মধ্যে যেগুলো মন্ত্রণালয় করতে পারে, সেগুলো তাদের দায়িত্ব দিয়ে দিয়েছি। আমরা অর্থনৈতিকসংক্রান্ত কমিটি সেটি অনুমোদন দিয়েছি। তারা নিজেরাই এগুলো করতে পারে।’

প্রকিউরমেন্ট রুল পরিবর্তনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়গুলো আমরা দীর্ঘদিন ফলো করে আসছি। কোনো সার্ভিস বা ম্যাটেরিয়াল যদি আমরা প্রকিউর করি, তার মধ্যে ১০ শতাংশ প্লাস অথবা মাইনাস করতে পারি। আমরা মনে করি বিষয়টি আরও ভেবে দেখা দরকার। কারণ ১০ শতাংশ পর্যন্ত প্লাস-মাইনাস হলে এই কমপিটিভ এনভায়রনমেন্ট থাকে না, সবাই একই প্রাইজ করে।’

তিনি আরও বলেন, ‘এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এটা যদি তুলে দেওয়া হয়, তাহলে ৯০ শতাংশ বা ১০০ শতাংশ কম দেবে। দেখা গেল১ শতাংশ রাখবে। নইলে প্রাইজ যেটা হওয়া উচিত সেটা হয় না। সেজন্য এগুলো দেখা দরকার। এ কাজটি করার জন্য একটি কমিটি করে দিয়েছি। তারা শিগগিরই এ কাজটি সম্পন্ন করবে এবং কমিটির কাছে নিয়ে আসবে আরও আলাপ-আলোচনার জন্য। অর্থ বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করেছি।’

শ্রীলঙ্কাকে ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ বিষয়টি আগামী মিটিংয়ে আলোচনা করব। আমরা কত দিচ্ছি, আগামী মিটিংয়ে সেটা দেখব।’