তবে কি গুঞ্জনই সত্য হচ্ছে? ক্রিস্তিয়ানো রোনালদো শেষ পর্যন্ত জুভেন্তাস অধ্যায়ের ইতি টানছেন?
আলোচনাটা আসলে বেশ কিছুদিন ধরেই চলছে। সেই পালে নতুন হাওয়া দিল ইতালির শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম। ইল মেসসাজেরো তাদের খবরে বলেছে, ড্রেসিং রুমে সতীর্থদের ‘বিদায়’ বলে দিয়েছেন রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড ২০১৮ সালে তুরিনের ক্লাবটিতে পাড়ি দেন। পর্তুগিজ তারকাকে দলে ভেড়ানোতে জুভদের বড় লক্ষ্য ছিল- চ্যাম্পিয়নস লিগ জয়। কিন্তু সিরি আতে রাজত্ব করা দলটা এ মৌসুমে হারিয়েছে লিগ শিরোপা।
চ্যাম্পিয়নস লিগ থেকে শুধু আগেভাগে বিদায় নয়, আগামী মৌসুমে এই আসরে খেলা নিয়েও শঙ্কায় ছিল দলটি। শেষ পর্যন্ত লিগ টেবিলে চারে থেকে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগে খেলা।
সব মিলে রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন ডানামেলে। দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেন, যে লক্ষ্য নিয়ে এই ক্লাবে এসেছিলেন, তার সেই লক্ষ্য পূরণ হয়ে গেছে। এরপর গুঞ্জন সত্যি হতে যাচ্ছে বলেই ধরে নেন অনেকে।
যদিও ২০২২ সাল পর্যন্ত জুভেন্তাসের সঙ্গে চুক্তি রোনালদোর, তবে চলতি গ্রীষ্মেই তিনি ক্লাব ছাড়তে পারেন। ইল মেসসাজেরোর বরাত দিয়ে মার্কা জানায়, রোনালদো তার সতীর্থদের বলে দিয়েছেন আসছে দলবদলেই তিনি জুভেন্তাস ছাড়বেন।
রোনালদোর সঙ্গে তার সাবেক দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পোর্টিং সি পি যোগাযোগ রাখছে বলে গুঞ্জন।
দুই বছরের জুভেন্তাস অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলে রোনালদো গোল করেছেন ১০১টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ২২টি।