জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করায় মোবাইল টেলিকম কোম্পানি রবির বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন নজরুলের নাতনি খিলখিল কাজী। একই সঙ্গে নজরুলের গান অনুমতি ছাড়া ব্যবহার এবং ঠিকমতো রয়্যালটি না দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
গত বৃহস্পতিবার ফেইসবুকে দেওয়া এক পোস্টে খিলখিল কাজী অভিযোগ করেন, রবির ফেইসবুক পেজে কবি নজরুলের জন্মদিনে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে ব্যবহার করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ বয়সের একটি ছবি।
নজরুলের নাতনি লিখেছেন, ‘রবিকে বাংলাদেশ ত্যাগ করা উচিত। যারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে চেনে না তাদের এই দেশে থাকার অধিকার নেই। ধিক ধিক ধিক রবিকে। কবি কাজী নজরুল ইসলাম এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই কবিকেই অপমান করা হলো। আমরা পরিবারের পক্ষ থেকে আইনের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।’
এ প্রসঙ্গে খিলখিল কাজী বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘রবিসহ বিভিন্ন মোবাইল টেলিকম কোম্পানি অনেক দিন ধরেই নজরুলের গান, কবিতা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। কিন্তু ঠিকমতো রয়্যালটি দিচ্ছে না। এবার জন্মদিনে একটি পোস্টার প্রকাশ করে নজরুলকে শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু ছবি দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এর মধ্য দিয়ে দুই কবিকেই অপমান করা হয়েছে। এর বিরুদ্ধে সবার প্রতিবাদ করা উচিত। আমরা পরিবারের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়ায় যাওয়ার পরিকল্পনা করছি।’
ফেইসবুক লেখনীতে খিলখিল কাজী সেই পোস্টের একটি স্ক্রিনশটও দিয়েছেন, যদিও সেই পোস্টটি রবির ফেইসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। পোস্টারটি অন্য কেউ বানিয়ে ফেইসবুকে ছড়িয়ে দিয়েছে, নাকি রবির ভুল, সে বিষয়ে মোবাইল ফোন অপারেটরটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ উঠেছে, পোস্টটি সমালোচনার মুখে ডিলিট করে দেওয়া হয়েছে। এ বিষয়ে রবির জনসংযোগ বিভাগের কর্মকর্তা আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে গতকাল বিকেলে রবির অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি পোস্টে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, “গত ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের সংশ্লিষ্ট এজেন্সি রবি’র ফেসবুক পেইজের একটি পোস্টে ভুল ছবি প্রকাশ করে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিষয়টি নজরে আসার সাথে সাথে আমরা পোস্টটি সরিয়ে নিয়েছি।”
এদিকে কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, ‘নজরুলের বিভিন্ন সৃষ্টিকর্ম অনেকেই বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন বলে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে। কিন্তু আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’
জাফর রাজা চৌধুরী বলেন, ‘সৃষ্টিকর্ম নির্দিষ্ট আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যে কেউ ব্যবহার করতে পারে। নজরুলের বিভিন্ন সৃষ্টিকর্মও ব্যবহার করা যাবে। তবে অবশ্যই প্রাপ্য রয়্যালটি দিতে হবে। এখন নজরুলের উত্তরাধিকার তো সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। ফলে বিষয়টি নিয়ে কোনো অভিযোগ পেলে কপিরাইট অফিস আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সুরাহার চেষ্টা করবে।’